নিউজটি শেয়ার করুন

বাঁশখালীতে বোট ডুবির ঘটনায় কুতুব শরীফ দরবারের শোক

বাঁশখালীতে নৌকা ডুবিতে চারজন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কুতুব শরীফ দরবার কর্তৃপক্ষ। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

সোমবার ( ২৪ ফেব্রুয়ারী) দরবারের পরিচালক শাহজাদা শেখ ফরিদ আল কুতুবীর সাক্ষরিত এক শোক বার্তার মাধ্যমে প্রেস অ্যান্ড মিডিয়া উইং এর সচিব এহসান আল কুতুবী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, গত ১৯ বছরের ধারাবাহিকতায় আমার আব্বাজান অলিকুল সম্রাট, গাউসে মুখতার হযরতুল আল্লামা শাহ আবদুল মালেক আল কুতুবী ( রহঃ) এর বার্ষিক ওরস ও ফাতেহা শরীফ আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করে আসছি। যেখানে দেশ বিদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সাগরের নানাবিধ সমস্যা উপেক্ষা করে লাখো লাখো ভক্তের ঢল নামে। এ পর্যন্ত দরবারে আসা-যাওয়ার ক্ষেত্রে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। তারই ধারাবাহিকতায় এই বছরও বাবাজান কেবলার ২০ তম ফাতেহা শরীফ সম্পন্ন করেছি। যদিও কুতুবদিয়া দীপাঞ্চল হওয়ায় সাগর পথে আসা-যাওয়ার ক্ষেত্রে যাতে কোনো ধরনের অঘটন না ঘটে, তার জন্য আমরা বারবার সতর্কতা অবলম্বনের জন্য বলে আসছি।

কিন্তু, গত ১৯ ফেব্রুয়ারী ( বুধবার) বাঁশখালী থেকে ফাতেহা শরীফে আসার পথে অসতর্কতা মূলক দু’টি বোট ডুবির ঘটনা ঘটেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। যতটুকু জানতে পেরেছি ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী ছিলো। উক্ত ঘটনায় এ পর্যন্ত চারজন নিহত ও অনেকেই আহত হয়েছেন।

ইতিমধ্যে আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিহত ও আহতদের পরিবারের কাছে দরবারের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পাঠিয়েছি।

আমরা এই অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার জন্য কুতুব শরীফ দরবার পরিবার ও এন্তেজামেয়া কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ, গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

পাশাপাশি নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।