সিপ্লাস প্রতিবেদক: বাঁশখালী উপজেলায় পাইপলাইনের গাড়ির সঙ্গে অটোরিকশার ধাক্কায় একজন নিহত এবং আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার রাত ১২টার দিকে উপজেলার শিলকূপ ইউনিয়নের মনছুরিয়া বাজারের উত্তরে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বাদশা মিয়া (৫১)। তিনি বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের বাংলাবাজার এলাকার নজুমিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মনছুরিয়া বাজারের উত্তরে পাইপলাইনের মালামাল রাখার জায়গায় প্রধান সড়কেই পাইপ লাইনের কাজে নিয়োজিত গাড়িটি দাঁড়িয়ে রাখা হয়।
রাত ১২টার দিকে দক্ষিণ দিক হতে আসা সিএনজিচালিত আটোরিকশাটি পাইপলাইনের কাজে ব্যবহৃত ওই গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে চার যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেখানে কর্তব্যরত চিকিৎসক বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন। এ সময় অপর যাত্রীদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বাঁশখালী থানার উপপরিদর্শক মোহাম্মদ বাবুল জানান, সড়ক দুর্ঘটনায় বাদশা মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।








