Site icon CPLUSBD.COM

বাঁশখালীর বিদ্যুৎকেন্দ্রে আহত-নিহতদের পরিবার পেল ক্ষতিপূরণের চেক

সিপ্লাস প্রতিবেদক: বাঁশখালীতে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত সাত শ্রমিকের পরিবারকে ২ লাখ ও আহত ২২ শ্রমিকের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের চেক প্রদান করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২০ মে) দুপুর ১টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব চেক তুলে দেয়া হয়।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর (চট্টগ্রাম-১৬) সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ১৬ আসন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহনান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর থেকেই দেশে শতভাগ বিদুৎ নিশ্চিতে কাজ করেছেন। এর ধারাবাহিকতায় বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয়। কিন্ত এই উন্নয়নকে বাধাগ্রস্ত কর‍তে একটি মহল শুরু থেকেই সংঘাত সৃষ্টি করতে সজাগ ছিলো। আর তারা সেই পরিকল্পনা থেকে সাধারণ শ্রমিকদের উত্তপ্ত করে সংঘর্ষ ঘটায়।

তিনি আরো বলেন, এই ঘটনায় যারা নিহত ও আহত হয়েছেন, তাদের পরিবারকে আজ আর্থিক সহয়তা দেয়া হচ্ছে। এতে করে বোঝা যায়, শেখ হাসিনা সরকার সবসময় সাধারণ মানুষের পাশে থাকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান,  উপ-পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়া, চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মুহাম্মদ নাসির উদ্দিন, চট্টগ্রাম কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক আবদুল্লাহ আল সাকিব মুবাররাত, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনারবৃন্দরাসহ শ্রমিক লীগের নেতৃবৃন্দরা।

গত ১৭ এপ্রিল বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় শিল্প গ্রুপ এসআলম এবং চীনা প্রতিষ্ঠান সেফকো থ্রি-পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের অর্থায়নে এসএস পাওয়ার প্ল্যান্ট নামে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৭ শ্রমিক নিহত এবং বেশ কয়েকজন শ্রমিক আহত হন।