সিপ্লাস ডেস্ক: মানিকগঞ্জেরে সিংগাইরে বাঁশ বাগানের গর্তের ভেতর থেকে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াজনগর গ্রামের একটি বাঁশ বাগানের গর্ত থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াজনগর গ্রামে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এসআই আবদুর রহিম, এসআই আলমগীর ও এসআই হাসানুর রহমান অভিযান চালান। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে তিনজনকে গ্রেফতার করেন তারা।
গ্রেফতারকৃতরা হল- ওয়াজনগর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে ডাকাত সর্দার আবদুল কুদ্দুস (৪৮), পার্শ্ববর্তী আলীনগর গ্রামের মৃত গেদা মিয়ার ছেলে আবু বকর ছিদ্দিক (৩৫) ও মানিকগঞ্জ সদর থানার ফাড়িরচর গ্রামের মৃত ফাইজদ্দিনের ছেলে আয়নাল হক (৩৬)। তাদের কাছ থেকে ১টি রাম দা, ১টি কাটার ও ১টি রেঞ্জ উদ্ধার করা হয়।
সিংগাইর থানার ওসি রকিবুজ্জামান বলেন, বুধবার দুপুরে তিন ডাকাতকে মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত কুদ্দুসের বিরুদ্ধে ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জে মোট ১০টি মামলা চলমান রয়েছে। এছাড়া সে গরু চোরের সর্দার। আসামিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে তিনি জানান।








