বাংলাদেশে শিল্পপতি হিসেবে ২০১৩ সালে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর পর এবার ২০২০ সালে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য দ্বিতীয় শিল্পপতি হিসেবে একুশে পদক পেতে যাচ্ছেন পিইচপি ফ্যামিলির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সুফি মিজানুর রহমান।
আগামী ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেবেন।

এবার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০ জনকে এবার একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবারের পুরস্কারের জন্য মনোনীতদের নাম প্রকাশ করে।
এবারের একুশে পদকের জন্য মনোনীত হয়েছে মৎস্য গবেষণা ইনস্টিটিউটও।
উল্লেখ্য ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের বিশিষ্ট ভাষাসৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে একুশে পদক প্রদান করা হচ্ছে।








