বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস করতে নেমে মাইলফলক স্পর্শ করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-২০ ইতিহাসে বিশ্বের দ্বিতীয় ও ভারতের প্রথম খেলোয়াড় হিসেবে শততম ম্যাচ খেলার স্বাদ নিলেন তিনি।
রোহিতের আগে টি-২০ ইতিহাসে একশ ম্যাচ খেলা একমাত্র খেলোয়াড় পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। এখন পর্যন্ত ১১১ ম্যাচ খেলেছেন মালিক। ব্যাট হাতে ২২৬৩ রান ও বল হাতে ২৮ উইকেট শিকার করেছেন মালিক।
আজকের ম্যাচের আগে রোহিতের পরিসংখ্যান ২৪৫২ রান ও ১ উইকেট। শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করে পাকিস্তানের সাবেক দলপতি শহিদ আফ্রিদিকেও পেছনে ফেললেন রোহিত। আফ্রিদি ৯৯টি টি-২০ ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ১৪১৫ রান ও বল হাতে ৯৮টি উইকেট শিকার করেছেন আফ্রিদি। টি-২০তে সর্বোচ্চ উইকেট শিকারে দ্বিতীয়স্থানে রয়েছেন আফ্রিদি।
রোহিতের পর ভারতের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৯৮ ম্যাচে ১৬১৭ রান করেছেন ধোনি।

