নিউজটি শেয়ার করুন

“বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বের জন্য অনন্য অনুপ্রেরণা” ফটিকছড়িতে ভারতীয় কমিশনার

ফটিকছড়ি প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন ‘ঐতিহাসিক জনযুদ্ধের মাধ্যমে নিজেদের স্বতন্ত্র পরিচয়ের ভিত্তিতে একটি জাতিকে রূপদানকারি হিসেবে বাংলাদেশের মানুষের চেতনার প্রতি আমরা গভীরভাবে প্রশংসা ও সম্মান জানাই।

সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফ পরিদর্শনে এসে ত্বরিকত ফেডারেশন নেতা সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সাথে একান্ত সৌজন্য সাক্ষাৎ শেষে বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী বলেন,আপনারা অসংখ্য মৃত্যু ও মা-বোনদের প্রতি বর্বর নির্যাতন উপেক্ষা করে অনন্য সাহস এবং বীরত্বের সাথে নিজেদের উপর হওয়া অত্যাচার ও কঠোরতার মুখোমুখি হয়েছিলেন। আপনাদের মুক্তিযুদ্ধ বিশ্বের জন্য অনন্য অনুপ্রেরণা।

তিনি বলেন, এ চেতনায় মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং আমাদের দ্বি-পাক্ষিক কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকীর স্মরণীয় বছরগুলোর স্বীকৃতি হিসেবে আমি মুক্তিযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানাই। বাংলাদেশের সাথে ভারতের যে চমৎকার সম্পর্ক বিরাজমান আছে তা চিরদিন অটুট থাকবে।

তিনি আরো বলেন, সাবরূম-রামগড় স্থলবন্দর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে এবং এ আন্তঃদেশীয় সংযোগ আমাদের বন্ধনকে আরো সুদৃঢ় করবে। বিশেষ করে- ত্রিপুরা, আসামসহ আমাদের পূর্বাঞ্চলীয় রাজ্য সমূহের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধার ক্ষেত্র তৈরি হবে। ফটিকছড়িও সে সুবিধা ভোগ করবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থলবন্দর পয়েন্ট থেকে সোনাইপুল, কালাপানিয়া, সেমুতং, বাটনাতলী, গাড়ীটানা হয়ে ফটিকছড়ির উপর দিয়ে চট্টগ্রাম বন্দর সংযোগে বিকল্প সড়ক নির্মাণ করার সম্ভাব্যতা যাচাই করা হবে।

অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধু যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন; সেই লক্ষ্য সামনে নিয়েই ত্বরিকত ফেডারেশন কাজ করছে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশ যেমন ভারতের অকৃত্রিম বন্ধু; তেমনি ত্বরিকত ফেডারেশন এবং নজিবুল বশর মাইজভান্ডারীও আমাদের পরম বন্ধু। এ জন্যই মাইজভান্ডারে ছুটে আসা।

এ সময় বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, জঙ্গিবাদ ও মৌলবাদ নির্মূলে ভারতকে বাংলাদেশের পাশে চায় বাংলাদেশ। বর্তমানে সরকার প্রধান শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক অত্যন্ত চমৎকার।

এ সম্পর্ক কূটনৈতিক পরিমণ্ডল ছাড়িয়ে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। আমাদের বন্ধুত্ব কৌশলগত অংশীদারিত্বের অনেক ঊর্ধ্বে; কারণ এ বন্ধুত্ব রচিত হয়েছে অভিন্ন ত্যাগ, ইতিহাস, সংস্কৃতি ও আত্মীয়তার অনন্য সম্পর্কের উপর ভিত্তি করে।

তরিকত ফেডারেশনের যুগ্ম-মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ ব্যানার্জি, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম প্রমূখ।

রাতে মাইজভান্ডার দরবার শরীফের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে হাইকমিশনার দোরাইস্বামি ফিরে যান।