সিপ্লাস ডেস্ক: বাংলাদেশে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৫৫ জনে। এসময়ে মারা গেছে ২জন। এনিয়ে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৭৭জনের।
রবিবার(৩মে) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
প্রসঙ্গত, দেশে মার্চের দ্বিতীয় সপ্তাহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই সামাজিক দূরত্ব জোরদারের চেষ্টা চালিয়ে আসছে সরকার। তার অংশ হিসেবেই নেয়া পদক্ষেপের অংশ হিসেবে এখন সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে।
তবুও আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছেই। মার্চজুড়ে আক্রান্তের সংখ্যা অনেকটা স্বস্তির থাকলেও এপ্রিলে এসেই যেন পাল্লা দিয়ে বাড়তে শুরু করে শনাক্তকৃত রোগীর সংখ্যা। আর সেই কারণে ২৬ মার্চ শুরু হওয়া সাধারণ ছুটি আর এক ধাপ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।








