সিপ্লাস প্রতিবেদক: আসন্ন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের চট্টগ্রাম সফর এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট খেলা উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে নিরাপত্তা সমন্বয় সভা।
রবিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার সময় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, ২৩ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ দল চট্টগ্রামে আসবে। আমরা দুটো চ্যালেঞ্জ সামনে রেখে কাজ করছি। একটি কোভিড এবং অন্যটি নির্বাচন। সব মিলিয়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। আমরা আশা রাখছি সাফল্যের সঙ্গে এই আয়োজন সম্পন্ন করতে পারবো।
তিনি আরও বলেন, করোনার কারণে দর্শক মাঠে থাকবে না। যারা দলে থাকবেন তাদের সাতদিন আগে থেকে কোয়ারেন্টিন, করোনা টেস্ট করানো হবে। ভেন্যুভিত্তিক নিরাপত্তা ছাড়াও টিমগুলোকে আনা নেওয়ার ব্যাপারে নিরাপত্তা থাকবে। পুলিশ, র্যাব এবং অন্যান্য সংস্থার সদস্যরাও কাজ করবেন।
সভায় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে জাতীয় দলের খেলোয়াড়দের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়। এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস. এম. মোস্তাক আহমেদ খান, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিসিবি, ফায়ার সার্ভিস, র্যাব, এপিবিএব, এন এস আই, ডিজিএফআই, বিআরটিএ, সিএমসিএইচ, বিপিডিপি, রেডিসন ব্লু, পেনিনসুলা ইত্যাদি সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

