সিপ্লাস ডেস্ক: পঞ্চগড়ের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর (ভারত, বাংলাদেশ, নেপাল ও ভূটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম সাত দিন বন্ধ ঘোষণা করেছে আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন।
শনিবার (২৯ মে) দিনগত রাতে পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাবান্ধা স্থলবন্দর এলাকার জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বন্দর শ্রমিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের যৌথ সিদ্ধান্ত এবং স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে করোনা পরিস্থিতি সতর্কতায় ২৯ মে (শনিবার) এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ থাকবে।
পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বলেন, রোববার (৩০ মে) থেকে আগামী বৃহস্পতিবার (৩ জুন) পর্যন্ত ছয় দিন এবং শুক্রবার সরকারি ছুটি হওয়ায় এক দিনসহ মোট সাত দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

