সিপ্লাস ডেক্স: রাজশাহী নগরীতে বাকিতে পান-সিগারেট না পেয়ে আদর (৩৮) নামে এক দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আদর ভেড়িপাড়া এলাকার আবদুল গফুরের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই আবদুল হান্নান বাদী হয়ে ছয় জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় সংলগ্ন নগরীর ভেড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- কেশবপুর এলাকার বাবর আলীর ছেলে বাপ্পা রাজ (২৮) ও একই এলাকার মৃত আতাহার হোসেনের ছেলে রফিকুল ইসলাম দর্পন (৪৫)।
পুলিশ জানায়, মধ্যরাতে দোকানি আদরের কাছে বাকিতে পান-সিগারেট চেয়েছিলেন এলাকার কয়েকজন লোক। কিন্তু তাতে রাজি হননি আদর। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে দোকানিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেন। কিন্তু জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ রামেক হাসপাতাল মর্গে নেয়া হয়।
রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান বলেন,মামলাটির তদন্ত চলছে। এরইমধ্যে মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এনিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে।








