সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম অর্থঋণ আদালত ইস্টার্ন ব্যাংকের ঋণ খেলাপি মামলায় বাগদাদ গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৪ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম গ্রেফতারের আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারি পরোয়ানাভুক্তরা হলেন- বাগদাদ গ্রুপের এমডি ফেরদৌস খান, চেয়ারম্যান মনোয়ারা বেগম, পরিচালক মো. তানভীর খান ও মো. আজাদ খান।
আদালত সূত্রে জানা গেছে, ইস্টার্ন ব্যাংক আগ্রাবাদ শাখা ৯ কোটি ৮৪ লক্ষ ৯৭ হাজার টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় করেন। মামলা নম্বর ২১/১০। এই মামলার পরিপ্রেক্ষিতে আদালত ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি রায় দেন। পাওয়া টাকা আদায়ে ব্যাংক কর্তৃপক্ষ ২০১৩ সালের ২৯ এপ্রিল জারি মামলা করেন। জারি মামলা নম্বর ২৩/১৩।
চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বলেন, ইস্টার্ন ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে পাওনা আদায়ে বাগদাদ গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৪ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

