নিউজটি শেয়ার করুন

বাঙ্গালহালিয়ায় বখাটের প্ররোচনায় কলেজ ছাত্রী আত্মহত্যায় মামলা দায়ের

রাঙ্গামাটির রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় বখাটে কর্তৃক অপবাদের কারনে পূর্ব নির্ধারিত বিয়ে ভেঙ্গে যাওয়ায় অপমান সইতে না পেরে বিষপানে কলেজ ছাত্রী শামিমা (১৮) আত্মহত্যার ঘটনায় চন্দ্রঘোনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে নিহত শামিমার পিতা সাহেব আলি বাদি হয়ে চন্দ্রঘোনা থানায় এ মামলাটি দায়ের করেন।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে বখাটে রানাকে পেনাল কোড-৩০৬ ধারায় এ মামলা দায়ের করা হয়েছে,মামলা নং ১ তাং ৫/১১/১৯ ইং।

মামলার এজাহারে নিহত শামিমার পিতা উল্লেখ করেছেন শামিমাকে বিভিন্ন সময়ে প্রেম নিবেদনের পাশাপাশি কু-প্রস্তাব দিত বখাটে রানা।

বাঙ্গালহালিয়ার সে ডাকবাংলা বিহার পাড়া এলাকার বাসিন্দা মোঃ শহিদ ও রহিমা বেগমের সন্তান।দীর্ঘদিন ধরেই রানা শামিমাকে উত্ত্যক্ত করে আসছিল। এক পর্যায়ে প্রবাসী ফুপাতো ভাইয়ের সাথে শামিমার বিয়ে ঠিক হয় এতে ক্ষিপ্ত হয়ে রানা শামিমার হবু বরের নিকট নানা ধরনের নোংরা কথাবার্তা বলে বিয়েটি ভেঙ্গে দেয়। এতে করে শামিমা মানসিক ভাবে ভেঙ্গে পড়ে এবং বিষপানে আত্মহত্যা করে।

রানা কর্তৃক আত্মহত্যার প্ররোচনার ফলেই তার মেয়ে আত্মহত্যা করেছে বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন বাদি সাহেব আলি।

বখাটে রানার হয়রানীতে অতিষ্ঠ হয়ে রবিবার সন্ধা সাড়ে ৬টায় বিষপান করে আত্মহত্যা করেছে বাঙ্গালহালিয়া সরকারী কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী শামিমা (১৮)।

এদিকে নির্মম এই ঘটনার পর বখাটে রানাকে গ্রেপ্তারের দাবিতে বাঙ্গালহালিয়া সরকারি কলেজ ছাত্রছাত্রী ও স্থানীয়দের বিক্ষোভ অব্যাহত আছে।