Site icon CPLUSBD.COM

বাজার ইজারা দিয়েছি, সড়ক নয়: চাতরী চৌমুহনী বাজারে উচ্ছেদ অভিযানে ইউএনও

চাতরী চৌমুহনী বাজারে উচ্ছেদ অভিযানে ইউএনও

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার অন্যতম ব্যস্ততম চাতরী চৌমুহনী বাজারে সড়কের পাশে ফুটপাত দখল করে বসানো হয়েছে বিভিন্ন পণ্যের ভাসমান দোকান। এতে চরম দুর্ভোগে পড়েন চলাচলকারীরা। সড়কের পাশে গড়ে উঠা এসব দোকানগুলো উচ্ছেদ করেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর হাসান চৌধুরী।

জানা যায়, বাজারের সিইউএফএল সড়কের অর্ধেক জায়গা জুড়ে হকারদের দখলে থাকায় জনসাধারণের চলাচলের চরম দুর্ভোগসহ প্রতিদিন সড়কে লেগে থাকে দীর্ঘ যানজট।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে কয়েকবার উচ্ছেদ অভিযান চালালেও পরে আবারো দখল করে নেয় হকাররা। ফলে আজ উচ্ছেদ অভিযানে হকারদের মালামাল জব্দসহ ৯ জনকে আটক করে। পরে বাজার ইজারাদারদের সুপারিশে আর কোনদিন না বসার শর্তে আটক হকারদের ছেড়ে দেয়া হয় এবং জব্দ করা সবজিগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ বলেন, বাজারের বাইরে না বসার জন্য ভেতরে পাকা শেড বানিয়ে দিয়েছি। তারপরও তারা সড়ক দখল করে পণ্য বিক্রি করে। আমরা জানতে পারলাম সড়ক দখল করে বসা হকারদের কাছ থেকে ইজারাদাররা টাকা নেয়। আমরা তাদেরকে বাজার ইজারা দিয়েছি, সড়ক নয়। আর কোনদিন না বসার শর্তে আটক হকারদের ছেড়ে দিয়েছি। জব্দকৃত সবজিগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।