বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা মইন উদ্দীন খান বাদলের আসনে উপ নির্বাচন হবে আগামী ১৩ জানুয়ারি।
রোববার বিকালে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর তফসিল ঘোষণা করেন।
আগ্রহী প্রার্থীরা ১২ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৫ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে ২২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে।
১৩ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট চলবে ইভিএমে।
সাংসদ মঈন উদ্দীন খান বাদল ৭ নভেম্বর ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৬৭ বছর বয়সী এ মুক্তিযোদ্ধার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে।
চট্টগ্রাম-৮ (চাঁদগাও-বোয়ালখালী) আসনের তিনবারের সাংসদ বাদল একাদশ জাতীয় সংসদে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন।
ইসি সচিব জানান, বগুড়া জেলার দুপচাঁচিয়া পৌরসভা ও চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের নির্বাচনও একই সময়সূচি অনুযায়ী হবে। ওই দুই নির্বাচনেও ভোট হবে ইভিএমে।








