নিউজটি শেয়ার করুন

বান্দরবানের নাফাখুমে পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা

সিপ্লাস প্রতিবেদক: সম্প্রতি বন্ধুদের নিয়ে নাফাখুম ঝর্ণায় বেড়াতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যান জাকারুল ইসলাম কানন নামে এক তরুণ।

বান্দরবানের থানচি উপজেলার পর্যটন স্পট নাফাখুম পর্যটন কেন্দ্রে যাতায়াত বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) এমন সিদ্ধান্তের কথা জানায় প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রতি নাফাখুমে গোসল করতে গিয়ে মারা যান রাজধানী থেকে আসা এক পর্যটক। এছাড়া, ভারি বর্ষণ, সাঙ্গু নদীর পানি বৃদ্ধি এবং আগামী ১৪ থেকে ১৬ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সফরকে কেন্দ্র করে পর্যটক যাতায়াত বন্ধ করা হয়েছে।

তবে পর্যটকরা চাইলে থানচির রেমাক্রি ইউনিয়ন পর্যন্ত ভ্রমণ করতে পারবেন নির্দেশনা জারি করেছে থানচি উপজেলা প্রশাসন।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম মৃদুল বলেন, আপাতত নাফাখুম ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছে।  পরিস্থিতির উন্নতি হলে আমার ফের পর্যটকদের জন্য স্পটটি খুলে দেবো।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সকালে বন্ধুদের নিয়ে নাফাখুম ঝর্ণায় বেড়াতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যান জাকারুল ইসলাম কানন নামে এক তরুণ। পরে তার লাশ উদ্ধার করে বিজিবি ও পুলিশ। গত ৭ বছরে থানচি উপজেলার অন্যতম পর্যটনস্পট নাফাখুমে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন অনন্ত ১১ পর্যটক, আহত হয়েছেন কমপক্ষে দুই শতাধিক।