নিউজটি শেয়ার করুন

বান্দরবানে ইয়াং বম এসোসিয়েশনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

“পরিচ্ছন্নতা শুরু হোক নিজের উদ্যোগে” এই শ্লোগানে বান্দরবানে ইয়াং বম এসোসিয়েশন এর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১১ টা পর্যন্ত বান্দরবান শহরের বালাঘাটা, কালাঘাটা, বাস স্টেশন, হাফেজ ঘোনা, ক্যাচিং ঘাটা, উজানী পাড়া, মধ্যমপাড়াসহ শহরের বিভিন্ন পয়েন্টে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

বান্দরবান বাস স্টেশনে অভিযানের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর। পরে বান্দরবান প্রেসক্লাবের সামনে অভিযান সমাপনী অনুষ্ঠানে ইয়াং বম এসোসিয়েশন এর সভাপতি ভান তিং বম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। এসময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, ইয়াং বম এসোসিয়েশনের সহ-সভাপতি সিমন আমলাই, সাধারণ সম্পাদক ভাননুন সিয়াম বম সহ প্রমুখ ।

অভিযান সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭৬ সাল থেকে বান্দরবান পার্বত্য জেলায় ইয়াং বম এসোসিয়েশনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। পাশাপাশি সাংস্কৃতিক শিক্ষা স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক কাজেও ইয়াং বম এসোসিয়েশন গুরুত্ব সহকারে অবদান রাখছে। এই অভিযানে ইয়াং বম এসোসিয়েশন এর দুই শতাধিক ভোলান্টিয়ার শহর পরিষ্কারে অংশ নেন।