বান্দরবান প্রতিনিধি: “মানবতার সেবায় আমরা আছি, আমরা থাকব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানকারি সংগঠন বান্দরবান ইয়ুথ্ ব্লাড ডোনার গ্রুপের ১ যুগপূর্তি উদযাপন করা হয়েছে।
শুক্রবার ( ৩০ অক্টোবর ) সকাল ১০টায় এই যুগপূর্তি উপলক্ষে বান্দরবান ইয়ুথ্ ব্লাড ডোনার গ্রুপের উদ্দ্যোগে স্থানীয় অরুন সারকী টাউন হলে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।
এসময় যুগপূর্তি অনুষ্ঠানে বান্দরবান ইয়ুথ্ ব্লাড ডোনার গ্রুপের সভাপতি আহ্সানুল আলম রুমুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মার্মা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদ্দুজ্জামান, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজ্জামেল হক বাহাদুর, রেড ক্রিসেন্ট বান্দরবান ইউনিটের সাধারণ সম্পাদক অমল কান্তি দাশ, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, পৌর কাউন্সিলর সৌরভ দাশ শেখর, বান্দরবান প্রেসক্লাবের সভপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক, পাহাড়বার্তা ডট কমের সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, বান্দরবান বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি রাজু বড়ুয়া, ইয়ুথ্ ব্লাড ডোনার গ্রুপের সাধারণ সম্পাদক এন এ জাকির’সহ প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বান্দরবানে ইয়ুথ্ ব্লাড ডোনার গ্রুপ দীর্ঘদিন জনগণের বিপদের সময় রক্তদান করে যাচ্ছে। আগে অনেকে রক্তদান করতে সাহস পেত না। তাদের মাধ্যমে এখন সবাই রক্তদান করতে আগ্রহী। শুধু রক্তদান নয়, জনস্বার্থে সেবামূলক কাজে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
সংগঠনের সভাপতি আহ্সানুল আলম রুমু জানান, ২২জন সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে সংগঠনটির সদস্য ৭৮জন এছাড়াও সংগঠনের তালিকাভূক্ত ১হাজার ২শত রক্তদাতা রয়েছে। ২০১০ সালে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন হিসেবে সমাজ সেবার রেজিস্ট্রেশন পায় সংগঠনটি। বর্তমানেও সংগঠনটি নিয়মিত রক্ত দানসহ বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছি। অনুষ্টান শেষে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ এবং করোনাকালীন সময়ে অবদান রাখায় বিভিন্ন সংগঠন ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে প্রধান অতিথি কেক কেটে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০০৭ সালে বান্দরবান সরকারী কলেজের একঝাঁক তরুণ বান্দরবান সদর হাসপাতালের গরীব অসহায় রোগীদের রক্তের চাহিদা পূরনের লক্ষ্য নিয়ে মানবতার সেবায় কাজ শুরু করে। পরবর্তীতে ২০০৮ সালে সাংগঠনিক রুপ লাভ করে। বান্দরবান ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ সেই থেকে মানুষকে রক্ত দেয়া, গরীবদের শীত বস্ত্র বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ, প্রতিবন্ধী এতিম শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতাসহ সমাজ সেবা মূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে এই ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ।








