মিঠুন দাশ, বান্দরবান প্রতিনিধি: করোনা রোগীদের অক্সিজেনের চাহিদার কথা মাথায় রেখে স্বেচ্ছাসেবী সংগঠন “বান্দরবান পরিবার” আজ ৯ টি স্বয়ংক্রিয় অক্সিজেন কনসেনট্রেশন মেশিন হস্তান্তর করেছে স্বাস্থ্য বিভাগের কাছে। এছাড়া করোনা ইউনিটে ব্যবহারের জন্য বেশ কিছু চার্জার লাইট, বিশুদ্ধ পানিও স্বাস্থ্য বিভাগের কাছে বুঝিয়ে দেয়া হয়।
মঙ্গলবার সকালে পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে সীমিত আকারে আয়োজিত চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. অংসুই প্রু, সদর উপজেলা চেয়ারম্যান এ.কে এম জাহাঙ্গীর, বান্দরবান পরিবার এর সমন্বয়ক তৌহিদুর রহমান চৌধুরী, সমাজসেবক রাজু বড়–য়াসহ প্রমুখ । অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, চলতি র্অথ বছরেই বান্দরবান সদর হাসপাতালে সেন্ট্রাল এসি এবং একটি ৪ বেডের আই সি ইউ ইউনিট স্থাপণ করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কাজও শুরু করা হয়েছে। এখন থেকে বান্দরবানের স্বাস্থ্য ব্যবস্থায় আধুনিকায়নের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
এ সময় বান্দরবান পরিবারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামি দিনে করোনা মোকাবেলায় তাদের পাশে থাকার জন্য বলেন। বান্দরবান পরিবার এর সমন্বয়ক তৌহিদুর রহমান বলেন, প্রতিটি ৭০ হাজার টাকা দামের ৯ টি অক্সিজেন কনসেনট্রেশন মেশিন বান্দরবানের করোনা রোগীদের জরুরী প্রয়োজনে কাজে আসবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় এ সংগঠনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

