বান্দরবানে র্যাবের অভিযানে কোটি টাকার হেরোইনসহ দুজনকে আটক করা হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) সন্ধায় চট্টগ্রাম র্যাব-৭ এর একটি টিম জেলা শহরের এসপি বাংলো সড়কের পাশ থেকে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- পাইংচা সিং (৩৫) ও মংচাও মারমা (৪৫)। এদের প্রথম জনের বাড়ি রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলী। অন্যজনের বাড়ি খাগড়াছড়ি জেলায়।
আটক মাদক ব্যবসায়ী পাইচা সিং বলেন, কচ্চপতলী পাড়ার ম্রো কার্বারী তাদের ১০ হাজার টাকা দিয়ে হিরোইনগুলো ক্রেতার কাছে পৌছে দিতে পাঠিয়েছিলো। প্যাকেট গুলো আমরা খুলেও দেখিনি।
র্যাব- ৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে র্যাবের একজন কর্মকর্তা হেরোইন তৈরীর কাঁচামাল ক্রয় করার জন্য মং সানু ও পাইং সা চিং এর সাথে যোগাযোগ করে। এসময় তারা ১৫ লাখ টাকা দিয়ে হেরোইন তৈরীর কাঁচামাল আফিম গুলো ক্রয় করার জন্য প্রস্তাব দেয়। এতে মং সানু ও পাইং সা চিং রাজী হলে মোবাইল ফোনে তাদের কে শহরের এসপির বাংলোর সামনের রাস্তায় আসতে বলে পরে র্যাব কর্মকর্তা ক্রেতা সেজে সেখানে গেলে হেরোইন তৈরীর কাঁচামালসহ তাদেরকে আটক করে।
চট্টগ্রাম র্যাব- ৭ এর কর্মকর্তা এএসপি তারেক আজিজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ দুজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হবে।








