মিঠুন দাশ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। গত রবিবার কালাঘাটা গোদারপাড় আর্জুগুহা এলাকায় গণমাধ্যম কর্মীদের তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায়।
এসময় পাহাড় খেকো মোহাম্মদ ইয়াছিনকে আটক করে ৫০হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে একটি স্কেভেটরও জব্দ করা হয়েছে। পাহাড় খেকো ইয়াছিন দীর্ঘদিন যাবত বন ও পরিবেশ আইন অমান্য করে প্রভাবশালী ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় বান্দরবানের আনাচে কানাচে পাহাড়, টিলা ও ফসলী জমির মাটি কেটে পরিবেশ ধ্বংস করে আসছিল। এরই ধারাবাহিকতায় রামজাদী এলাকায় ক্ষমতাসীন দলের এক নেতার প্লট তৈরীর জমি ভরাটের জন্য ১৫ লাখ টাকার মৌখিক চুক্তিতে সদরের গোদারপাড়-আজুগুহা এলাকায় ইয়াছিন গত কয়েক সপ্তাহ ধরে বিশালাকৃতির পাহাড় কেটে আসছে। প্রতিদিন সাতটি ছোট ট্রাক (ডাম্পার) যোগে এসব মাটি নিয়ে যাওয়া হচ্ছে রামজাদি এলাকায় আবাসন প্লট তৈরীর কাজে।
পরিবেশ অধিদপ্তর বান্দরবানের পরিদর্শক আব্দুস সালাম বলেন, পাহাড় কাটার কোনো অনুমোদন নেই। কালাঘাটা, রামজাদী, আজুগুহা এলাকায় পাহাড় কাটার খবর পেয়েছি। কয়েকবার ঘটনাস্থল পরিদর্শনও করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের একটি মামলার প্রস্তুতিও নেয়া হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, পাহাড় কাটা আইনগত অপরাধ। পাহাড় কেটে মাটি বিক্রির খবর পেয়ে প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একজন’কে জরিমানা করেছে। পাহাড় কাটার বিরুদ্ধে স্বোচ্ছার রয়েছে প্রশাসন। অভিযোগ পেলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।








