বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদমে ডায়রিয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১জনে।
এদিকে সেনাবাহিনীর তত্বাবধানে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে বান্দরবানের আলীকদমের দুর্গম কুরুকপাতা থেকে ৩জন ডায়রিয়া আক্রান্ত রোগী আসলো বান্দরবান সদর হাসপাতালে।
বুধবার (১৬ জুন) দুপুর ২টায় তাদের বান্দরবান সেনানিবাস এলাকার হেলিপ্যাডে রোগীদের নামানোর পর এ্যাম্বুলেন্সে করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেনাবাহিনীর সুত্রে জানা যায়, গেল কয়েকদিন ধরে বান্দরবানের আলীকদম উপজেলার কুরতকপাতা ইউনিয়নের বিভিন্ন দূর্গম এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে আর এতে আক্রান্ত হয়ে বেশ কয়েজনের মৃত্যু হয়েছে।
আর পুরো কুরুকপাতা ইউনিয়নে ডায়রিয়ায় প্রায় শতাধিক নারী পুরুষ আক্রান্ত হয়ে যাওয়ায় গুরুতর এক নারী ও ২শিশুকে জরুরী ভিত্তিতে হেলিকপ্টারে করে আলীকদমের তুরুকপাতা থেকে বান্দরবান সদরে নিয়ে আসা হয়েছে।
সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বান্দরবান সদরে নিয়ে আসা ডায়রিয়া রোগীদের মধ্যে মেনলে ম্রো (৫) আং চং ম্রো (৭০) ও রেপং ম্রো (১২) তারা সবাই আলীকদমের দুর্গম কুরুকপাতা ইউনিয়নের মাংরুম পাড়ার বাসিন্দা।
সেনাবাহিনী জানায়,পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক জীবনরক্ষাকারী ঔষধ,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাওয়ার স্যালাইন, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, দূর্গত এলাকায় পাঠানো হয়েছে এবং ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে।
আলীকদমের কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতং ম্রো জানান,ডায়রিয়া আক্রান্ত হয়ে গেল এক সপ্তাহে ৮জন মারা গেছে আর শতাধিক ব্যক্তি বিভিন্ন পাড়ায় আক্রান্ত হয়েছে।

