মিঠুন দাশ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলার দূর্গম এলাকা রেমাক্রী প্রাংসায় দুই ভাইকে পিটিয়ে হত্যার অভযোগ উঠেছে পাড়াবাসীর বিরুদ্ধে।
নিহত দুই ভাই হচ্ছে থোয়াইবা অং মারমা (৪০) ও ক্যসুই থোয়াই মারমা (৩০)। তারা রুমা রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর হ্লাচিং পাড়ার থোয়াই হ্লাচিং এর ছেলে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রেমাক্রী প্রাংসার হ্লাচিং পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চলতি বছরের ২৪ শে জানুয়ারি ওই এলাকায় চট্টগ্রাম র্যাব ৭ এর সদস্যরা অভিযান চালিয়ে নিহত এ দুই ভাইয়ের বেশ কিছু পপি বাগানধ্বংস করে। এতে তারা ক্ষিপ্ত হয় এলাকার পাড়া প্রধান (কারবারী) ও পাড়াবাসীর উপর। তাদের ধারনা পাড়া কারবারী বা পাড়াবাসীরাই নিষিদ্ধ পপিক্ষেতের খবর দিয়েছে। তাদের ভয়ে কারবারী পাড়া ছেড়ে পালিয়ে ছিল অনেকদিন।
এঘটনার পর থেকে এ দুই ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠে পাড়াবাসী। মঙ্গলবার(৩০ জুন) দুপুরে পাড়ার একটি অনুষ্ঠানে এ দুই ভাই একজনকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দা দিয়ে কোপ দেয়। এতে পাড়াবাসীরা ক্ষিপ্ত হয়ে গণধোলাই দিলে তারা বিনা চিকিৎসায় সেখানেই মারা যায়।
নিহত দুজনের লাশ রুমা সদরে নিয়ে আসার প্রক্রিয়া চালাচ্ছে বলে পুলিশ জানিয়েছেন।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ রেজা সরোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, বুধবার সকালে পুলিশ গেলেও এলাকাটি খুবই দুর্গম হওয়ায় নিহতদের লাশ এখনো রুমা সদরে আনা সম্ভব হয়নি।
বৃহষ্পতিবার লাশ সদরে আনা সম্ভব হবে বলেও জানান তিনি।








