বান্দরবান সদর উপজেলায় একটি পাড়ার সাতটি ঘর আগুনে পুড়ে গেছে।
উপজেলার কুহালং ইউনিয়নের কাট্টলি চাকমা পাড়ায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
কাট্টলি পাড়ার কারবারী (পাড়াপ্রধান) ধারজচন্দ্র চাকমা বলেন, “রাতে একদল লোক পাড়ায় এসে কয়েকটি ঘরে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। ”
এ বিষয়ে জানতে চাইলে কুহালং ইউনিয়নের চেয়ারম্যান সানুপ্রু মারমা বলেন, এলাকাবাসীরা ভোরে তাকে আগুন দেওয়ার খবর জানায়।
“আগুনে সাতটি ঘর পুড়ে গেছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।”
বান্দরবান সদর থানা ওসি শহিদুল আলম চৌধুরী বলেন, তারা ঘটনাটি শুনেছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
