নিউজটি শেয়ার করুন

বান্দরবানে নতুন বছরে নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত কোমলমতী শিক্ষার্থীরা

বান্দরবানে নতুন বছরের প্রথম দিনেই কোমলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে বান্দরবান রাজার মাঠে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ ও পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এই বই বিতরন উৎসব অনুষ্ঠিত হয়। বই উৎসব অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, সিং ইয়ং স্রোত, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোমা রানী বড়ুয়া, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিদ্দীকুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বান্দরবান জেলা শাখার সভাপতি সীমা দাশ, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম সহ জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষীকা, ছাত্রছাত্রী ও অভিভাবকরা ।

অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, নতুন বছরের প্রথমদিনে কোমলমতী শিশুসহ শিক্ষার্থীদের হাতে নতুন বই পাওয়ার যে আনন্দ সেটি অন্যরকম। আর প্রাইমারি ও মাধ্যমিক ছাত্রছাত্রীদের মাঝে বছরের প্রথম দিন বই তুলে দিতে পারাটাও অন্যরকম আনন্দের। যা ভাষায় প্রকাশ করা কঠিন।

তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধ করে শিক্ষা সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে। আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব বলেই শিক্ষাক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়েছে। তাই শিক্ষার্থীরা বছরের প্রথমদিনেই নতুন বই হাতে পাচ্ছে। ফলে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে। পরে আলোচনা শেষে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি জেলার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে নতুন বছরের নতুন বই প্রদান করেন।

এবার বান্দরবান জেলায় এই বছর ৬৯৩টি প্রাইমারী স্কুলে মোট (৩,৭১,০০৭) তিন লক্ষ একাত্তর হাজার সাতটি বই বিতরণ করা হচ্ছে । এর মধ্যে ক্ষুদ্র নৃ গোষ্টির ভাষা চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় প্রাক প্রাথমিকে ৩৭৫৬ জন, প্রথম শ্রেণীতে ৩৫৯৯ জন, দ্বিতীয় শ্রেণীতে ৩৪৬৫ জন ও ৩য় শ্রেণীতে ৩১৪৯ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে মোট ৩১,৯০২টি ক্ষুদ্র নৃ গোষ্টির ভাষায় বই বিতরণ করা হচ্ছে।

অন্যদিকে জেলার প্রায় ৬৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ৫০ হাজার ৫শত ৪জন শিক্ষার্থীর বিপরীতে (৬,৫৪,১১৮) ছয় লক্ষ চুয়ান্ন হাজার একশত আটারোটি বই বিতরণ করা হচ্ছে।