সিপ্লাস প্রতিবেদক: বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক জিপচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার রাতে বান্দরবান-রোয়াংছড়ি সড়কের কালাঘাটা বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রুবেল বড়ুয়া নয়ন (৩২)। তিনি মধ্যমপাড়ার অজিৎ বড়ুয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী পাইনু মারমা জানান, বান্দরবান শহর থেকে রোয়াংছড়ির দিকে যাওয়ার পথে হঠাৎ জিপের গতি বেড়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় আহত হন ছয়জন।
গুরুতর আহত রুবেলকে উদ্ধার করে বান্দরবান হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় জিপচালকের মৃত্যু হয়েছে। আহতদের পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।








