বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে পার্বত্যমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় এবং দাতাবৃন্দের আর্থিক সহযোগিতায় মানবিক সহায়তা প্রদান করা হয়েছে ।
শুক্রবার সকালে বান্দরবান স্থানীয় হিলভিউ কনভেশন হল প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুরত্ব বজায় রেখে কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশের সঞ্চালনায় বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সাওয়ার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সাধারণ সম্পাদক অমল কান্তি দাশ, প্যানেল মেয়র দীলিপ বড়ুয়া, পৌর কাউন্সিলর সৌরভ দাশ শেখরসহ বিভিন্ন ওর্য়াড কাউন্সিলর এবং আ.লীগের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক করোনা পরিস্থিতির কারণে যাতে কেউ কষ্ট না পায়, তার জন্য সকল প্রকার পরিবহন শ্রমিকদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। পরে তিনি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সকলকে সচেতন থাকার আহবান জানান।
পরে গাড়ীযোগে বান্দরবানের শৈল শোভা শ্রমিক ইউনিয়ন, লোকাল ট্রাক ও মিনি ট্রাক শ্রমিক ইউনিয়ন, মাহেন্দ্র শ্রমিক ইউনিয়ন, সি এন জি শ্রমিক ইউনিয়ন এবং টমটম শ্রমিক ইউনিয়নের কর্মহীন মানুষদের ঘরে ঘরে এই মানবিক সহায়তা পৌঁছে দেয়া হয়।








