Site icon CPLUSBD.COM

বান্দরবানে পৌর আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

বান্দরবানে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুর ৩টায় বান্দরবান পৌর আওয়ামী লীগের নেতৃত্বে ঐত্যিবাহী রাজার মাঠে এই ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।

বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে উক্ত সম্মেলনের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এ সময় অনুষ্ঠানে পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান, আব্দুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম-সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, অজিত কান্তি দাশসহ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সম্মেলনে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের আগে থেকে বাংলাদেশে নেতৃত্ব দিয়ে আসছে বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা মহল্লায় ও প্রতিটি এলাকায় গঠিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের এই সংগঠন। বান্দরবানের মতো এই পাহাড়ি অঞ্চলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় বীর বাহাদুরের নেতৃত্বে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। যেখানে পাহাড়ি-বাঙালি সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বান্দরবানকে সম্প্রীতির বান্দরবান হিসেবে ঘোষণা দিয়েছেন।

পরে সম্মেলনে সর্বসম্মতিক্রমে অমল কান্তি দাশকে সভাপতি ও মোঃ শামসুল ইসলামকে সাধারন সম্পাদক পদে পুনরায় নির্বাচিত করা হয়।