বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা ও আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তিনি ১৯৪৭ সালের আজকের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই জন্মদিন পালন করা হয়।
এসময় কেক কাটা ও আনন্দ সমাবেশে বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, মোজ্জামেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, চৌধুরী প্রকাশ বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য সৌরভ দাশ শেখর, মোঃ মহিউদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক উসিংহাই রবিন বাহাদুর’সহ এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের ঘরে জন্ম গ্রহন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকেই প্রত্যক্ষ রাজনীতিতে হাতে খড়ি তার। দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে ১৯৭৫ সালের ১৫ আগস্ট গোটা পরিবারকেই হারিয়েছেন তিনি। ছোটো বোন শেখ রেহানাকে নিয়ে বিদেশে থাকায় বেঁচে যান শেখ হাসিনা। বক্তারা আরও বলেন আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে সংগঠনের সভাপতি শেখ হাসিনাসহ দলের প্রথম সারির নেতাদের হত্যার উদ্দেশ্যেই ২১শে আগস্টের গ্রেনেড হামলা চালায় ঘাতক চক্র। শুধু গ্রেনেড হামলাই নয়, সেদিন শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করেও ছয় রাউন্ড গুলি চালানো হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তিনি আহত হন, তাঁর শ্রবণশক্তি চিরদিনের মতো ক্ষতিগ্রস্ত হয়। রাজনীতির পথচলায় নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে যাচ্ছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।

