নিউজটি শেয়ার করুন

বান্দরবানে প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: বান্দরবানের লামায় প্রবাসীর স্ত্রী ও দুই মেয়েকে হত্যার ঘটনায় উত্তম বড়ুয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ মে) লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চাম্পাতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত মাজেদা বেগমের মা লালমতি বেগম বাদী হয়ে ২১ মে (শুক্রবার) লামা থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ এ ঘটনায় জড়িতদের ধরার জন্য মাঠে নামে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও লামা থানার ওসি তদন্ত মো. আলমগীর হোসেন বলেন, হত্যার ঘটনার পরপরই মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করে লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চাম্পাতলী এলাকা থেকে উত্তম বড়ুয়ায়াকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাকে আদালতে নেওয়া হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নিদের্শ দেয়।

মো.আলমগীর হোসেন বলেন, উত্তম বড়ুয়ার নামে এর আগেও তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, শুক্রবার (২০ মে) রাতে লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চাম্পাতলী গ্রামের একটি তালাবদ্ধ বাসা থেকে কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের দুই মেয়ে নুর-এ জান্নাত রীদা প্রকাশ নুরী (১০) ও সুমাইয়া ইয়াছমিন প্রকাশ রাফি (১৬) ও তার স্ত্রী মাজেদা বেগমের (৩৭) মরদেহ উদ্ধার করে পুলিশ।