বান্দরবান প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে সাতটায় শহরের মুক্ত মঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।
এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পুষ্পমাল্য অর্পণ করেন। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং পৌরসভাসহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গনে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেরিন আখতার, পৌর মেয়র মোহাম্মদ ইসলামসহ প্রমুখ।
আলোচনা সভায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি চেতনার নাম। যা হত্যার মাধ্যমে শেষ করে দিতে চেয়েছিল ঘাতকরা। কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষের নিঃশ্বাসের সাথে জড়িয়ে রয়েছে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান। বাঙ্গালি যতদিন থাকবে বঙ্গবন্ধু ততদিন থাকবে।
এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান জেলা শাখার উদ্যোগে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয় ।








