নিউজটি শেয়ার করুন

বান্দরবানে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শুক্রবার রাতে শহরের সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরে পূজা দেখতে যান তিনি।
এসময় পার্বত্যমন্ত্রী পূজা মন্ডপে আসলে বান্দরবান দূর্গোৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর তিনি মোমবাতি ও ধুপ জ্বালিয়ে দেবী দুর্গাকে প্রণাম করেন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, বান্দরবানের সকল মানুষের মাঝে সম্প্রীতি রয়েছে। শারদীয় দুর্গাপূজার মধ্য দিয়ে অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে এবং প্রতি বছরের ন্যায় ভাতৃত্ব ও সম্প্রীতির মধ্যদিয়ে এ উৎসব পালন হবে বলে আশা করেন তিনি।
এসময় পার্বত্যমন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাহাবুব আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুস, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পৌর আ.লীগের সভাপতি অমল কান্তি দাশ, কেন্দ্রীয় দূর্গোৎসব উদযাপন পরিষদের সভাপতি লক্ষীপদ দাশ, সাধারণ সম্পাদক সৌরভ দাশ শেখর, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশসহ সনাতনী সমাজের নেতৃবৃন্দরা ।
প্রসঙ্গত, এবারে বান্দরবান জেলায় মোট ৩০টি পূজামন্ডপে শারদীয় দূর্গোৎসব উদযাপন হচ্ছে। আগামী (২৬ অক্টোবর) সোমবার বিজয়া দশমী পালন এবং বিসর্জনের মধ্যে দিয়ে সনাতনী সমাজের এই বৃহত্তম শারদীয় দূর্গোৎসবের সমাপ্তি হবে ।