বান্দরবানে ভ্রমনে আসা পর্যটকদের বিনোদনের জন্য চালু হলো ট্যুরিস্ট বাস সার্ভিস। এই সার্ভিসের মাধ্যমে এখন থেকে বান্দরবানে ভ্রমনে আসা পর্যটকরা বিভিন্ন পর্যটন কেন্দ্রে স্বাছন্দ্যে ভ্রমন করতে পারবে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় হোটেল হিলভিউ কনফারেন্স রুমে হাজী আবুল হাশেম সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে হোটেল হিলভিউ এর নিজস্ব ট্যুরিস্ট বাসের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো:দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি আবদুল কুদ্দুছসহ বান্দরবানের বিভিন্ন শ্রমিক-মালিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা ।
উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পর্যটন জেলা বান্দরবান আজ থেকে আরো এক ধাপ এগিয়ে গেল। বান্দরবানে এখন থেকে পর্যটকরা এসি ও নন এসি ২ টি বাসের মাধ্যমে জেলার সকল বিনোদন কেন্দ্রে ভ্রমন করতে পারবে, আর এই বাস ভ্রমনে পর্যটকেরা যেমন নিরাপত্তা পাবে তেমনি পাবে স্বল্পমুল্যে ভ্রমনের সুযোগ ।
এদিকে বান্দরবানের পর্যটন কেন্দ্রে এসি বাসের মাধ্যমে ভ্রমনের নতুন সুযোগ পাওয়ায় খুশি ট্যুরিস্ট ও সংশ্লিষ্টরা। উল্লেখ্য, হিলভিউ হোটেলের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত এই বাস এখন থেকে প্রতিদিন পর্যটকদের নিয়ে সকালে বান্দরবানের অন্যতম পর্যটন কেন্দ্র নীলগীরি উদ্দ্যেশে হোটেল ছাড়বে এবং যাত্রা পথে শৈল প্রপাত,চিম্বুক পাহাড়সহ বিভিন্ন বিনোদন কেন্দ্র ভ্রমন শেষে আবার বিকেলে বান্দরবান ফেরত আসবে।

