বান্দরবানে লালমোহন বাহাদুর কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৯-২০ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার বিকাল ৪টায় স্থানীয় রাজার মাঠে এই লালমোহন বাহাদুর কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের আয়োজন করে বান্দরবান ফুটবল একাডেমি । ফাইনাল খেলায় পার্থ একাদশ বনাম ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবানের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। টান টান উত্তেজনা আর দর্শকদের কানায় কানায় উপস্থিতিতে জমজমাট হয়ে পড়ে পুরো রাজার মাঠ। খেলায় ফেন্ড্রস ক্লাব অব বান্দরবানকে ২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান ট্রফি জিতে নেয় পার্থ একাদশ ।
এ সময় খেলায় লালমোহন বাহাদুর কাপ ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক উৎসব ঘোষ রাহুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।
বিশেষ অতিথি ছিলেন, ৬৯ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার খন্দকার মোঃ শহিদুল এমরান, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতার, জোন কমান্ডার লে.কর্ণেল আখতার উর মামাত রাফি, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পৌর আ.লীগের সভাপতি অমল কান্তি দাশ, পাহাড় বার্তা ডট কমের সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, খেলোয়ার সমিতির সভাপতি মোঃ নাছির উদ্দিন, ফুটবল একাডেমির সভাপতি রাজু বড়ুয়াসহ প্রমুখ ।
খেলা শেষে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, ক্রীড়ার জন্য সবাইকে আগ্রহী হতে হবে। যুব সমাজকে রক্ষা করে সঠিক পথ নির্দেশনায় ক্রীড়ার কোন বিকল্প নেই। জেলায় খেলাধুলা অব্যাহত রাখার জন্য সকল ক্রীড়াবিদকে ক্রীড়ার প্রতি আরো মনোযোগি হওয়ার জন্য আহবান জানান।
পরে প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি খেলায় বিজয়ী পার্থ একাদশ দলকে চ্যাম্পিয়ন ট্রপি প্রদান করেন এবং চ্যাম্পিয়ন দলকে ২০হাজার টাকা, রানারআপ দল ফ্রেন্ডস অব বান্দরবানকে ১৫ হাজার টাকা এবং এই খেলার আয়োজন কমিটিকে ১ লক্ষ টাকা অনুদান ঘোষনা করেন। এবারে লালমোহন বাহাদুর কাপ ফুটবল টুর্ণামেন্টে জেলার মোট ৮টি দল অংশ নিয়েছে আর জমজমাট আয়োজনের মধ্য দিয়ে খেলার সমাপ্তি ঘটেছে ।

