মিঠুন দাশ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে করোনাভাইরাস দুর্যোগ মোকাবিলায় কর্মহীন, অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য মানবিক উদ্যোগ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে ‘এক মিনিটের বাজার’ চালু করেছে সেনাবাহিনী।
রবিবার সকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এর নির্দেশে বান্দরবান সেনা রিজিয়নের তত্বাবধানে এই এক মিনিটের বাজার চালু হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ‘এক মিনিটের বাজার’ কার্যক্রম উদ্ভোধন করেন বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোঃ শাহিদুল ইমরান, এএফডব্লিউসি, পিএসসি ।
এ বাজারে ছিল চাল, আলু, ঢেঁড়শ, শসা, বরবটি, মিষ্টি কুমড়া, মুড়ি ও কাঁচা মরিচ। এক মিনিটের মধ্যে এই ৯ ধরনের খাদ্য সামগ্রী প্রতিটি অসহায় মানুষের মাঝে বিনামূল্যে প্রদান করা হয়।
এসময় বিনামূল্যে ত্রাণ বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন জোন কমান্ডার লে. কর্ণেল রাফি এবং জিএসও-২ মেজর মোহাম্মদ ইফতেখারসহ প্রমুখ ।
সেনাবাহিনীর এই ব্যতিক্রমী উদ্যোগে আনন্দিত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা। প্রান্তিক কৃষকের কাছ থেকে প্রতিনিধির মাধ্যমে এসব সবজি ক্রয় করে ব্যতিক্রমী এই বাজার ব্যবস্থা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।








