বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানের সময় জেএসএস সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
বুধবার (১ সেপ্টেম্বর) ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার দূর্গম সীমান্তের চাক পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সেনাবাহিনী ও বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে নাইক্ষ্যংছড়ি জোনের ছাগলখাইয়া ক্যাম্প থেকে সন্দেহভাজন সশস্ত্র সন্ত্রাসী দলকে নির্মূল করার লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোনের জোন কমান্ডার লে: কর্নেল শাহ্ আবদুল আজীজ আহমেদদের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবির ৮টি টহল দল সমন্বয় করে উপজেলার চাক পাড়া এলাকায় অভিযান চালায়।
এ সময় টহল দলকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালালে পাল্টা গুলি চালায় সেনা-বিজিবি। প্রায় দেড় ঘন্টা গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়।
এ বিষয়ে শাহ্ আবদুল আজীজ আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি দূর্গম সীমান্তের চাক পাড়া এলাকায় সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে জেএসএস সন্ত্রাসী গ্রুপের সাথে আমাদের গুলি বিনিময় হয়। প্রায় দেড় ঘন্টা গোলাগুলির পর এক পর্যায়ে জেএসএস সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








