সিপ্লাস প্রতিবেদক: বান্দরবানের রুমায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে সমর কান্তি দত্ত (৫৫) নামের এক প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে স্কুল ভবনের বাসা থেকে আটক করে পুলিশ।
থানা সুত্রে জানা যায়, ২০১৯ সালের ২৩ আগস্ট বান্দরবানের একটি স্কুলের ছাত্রী ওই স্কুলের প্রধান শিক্ষক সমর কান্তি দত্তের কাছে প্রাইভেট পড়ানোর সময় ধর্ষিত হয়। এ সময় ওই শিক্ষক ওই ছাত্রীর নগ্ন ভিডিও মোবাইলে ধারণ করে রাখে। দীর্ঘ দুই বছর পর গত বৃহস্পতিবার ওই নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। এ ঘটনার পর ধর্ষিতার বোন বাদী হয়ে রুমা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলা দায়েরের পর প্রধান শিক্ষক সমর কান্তি দত্তকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক সমর কান্তি দত্ত জানিয়েছেন- তাকে হয়রানি করার উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়েছে।
রুমা থানার ওসি মো. আবুল কাশেম বলেন, আটককৃত স্কুলের প্রধান শিক্ষক সমর কান্তি দত্তের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে নেওয়া হয়েছে।








