সিপ্লাস প্রতিবেদক: বান্দরবান রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলি দেবতাখুম এলাকার পাহাড়ি ঝিরি ঝরনার পানিতে পড়ে মো. ফেরদৌস (২৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী এলাকার লোকমান সরদারের ছেলে।
রবিবার (১০ অক্টোবর) দুপুরে পর্যটনের পাহাড়ি ঝিরিতে এ ঘটনা ঘটে।
রোয়াংছড়ি থানার ওসি এইচএম তৌহিদ কবির বলেন, উপজেলার কচ্ছপতলি দেবতাখুম এলাকার পাহাড়ি ঝিরি ঝরনায় দুপুরে ১০/১২ জন বন্ধুর সাথে মো. ফেরদৌস দুর্গম ওই পর্যটন এলাকায় বেড়াতে গিয়েছিল। সেখানে ঝিড়িতে ভেলায় চড়ে ঘুরে বেড়ানোর সময় মো. ফেরদৌস পানিতে পড়ে ডুবে যায়।
দীর্ঘ দেড় ঘণ্টারও বেশি সময়ের পর তার মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ বান্দরবান সদর হাসপাতাল মর্গে নিয়ে আসার প্রক্রিয়া চলছিল।








