বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পৌরসভার উদ্দ্যোগে পৌর এলাকার ৩টি ওয়ার্ডে ৯ কোটি ৬৫ লক্ষ টাকার ৭টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বান্দরবান পৌর এলাকার হাফেজঘোনা সাইক্লোন সেন্টার ও অফিসার্স ক্লাব সংলগ্ন স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উম্মোচন করে এই ৭টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।
এসময় বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর সভাপতিত্বে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রসাশক মোঃ শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পৌর নির্বাহী প্রকৌশলী মংসুই খই মার্মা, পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, পৌর সচিব মোঃ তৌহিদুর ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কাউছার সোহাগ প্রমুখ।
ইউজিআইআইপি’র অর্থায়নে ৭টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে বান্দরবান পৌরসভার ৩টি ওয়ার্ডে। এই উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে- পাকা সড়ক, আরসিসি ড্রেন, আরসিসি সিঁড়ি, আরসিসি রি-টেইনিং ওয়াল এবং আরসিসি বক্স কালভার্ট উন্নয়ন।
এদিকে পার্বত্যমন্ত্রী উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর শেষে বান্দরবান পৌরসভার পৃথক পৃথক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন- আপনার শহর আপনাকে পরিস্কার রাখতে হবে। জনগণকে উন্নয়ন কাজের তদারকি ও পরামর্শ দিতে হবে। এসব উন্নয়ন বাস্তবায়িত হলে বান্দরবান পৌর এলাকার ৩টি ওয়ার্ডের চিত্র আরো পাল্টে যাবে এবং এই উন্নয়ন ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান ।
বান্দরবান পৌরসভা সূত্রে জানা যায়, বান্দরবান পৌরসভার উদ্দ্যোগে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ইউজিআই- আইপি-৩ এর আওতায় প্রায় ৩০ কোটি ৪৭ লক্ষ টাকার মোট ৪৫টি উন্নয়ন কাজের প্রকল্প বাস্তবায়িত হবে ।








