বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সদর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
নৌকা প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৯ হাজার ৫৬১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকে জাবেদ রেজা পেয়েছেন ৪ হাজার ৫৩৩ ভোট। নারিকেল প্রতীকে পার্বত্য নাগরিক পরিষদের প্রার্থী নাছির উদ্দিন পেয়েছেন ২ হাজার ১৪৭ভোট, মোবাইল ফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বিধান লালা পেয়েছেন ৯৮৫ এবং লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী শাহাজাহান পেয়েছেন ১৩২ ভোট ।
সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ইভিএম মেশিনে ভোটগ্রহণের পর গণনা শেষে রিটার্নিং অফিসার রেজাউল করিম ৯ হাজার ৫৬১ ভোটে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত বান্দরবান পৌরসভায় দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন মোহাম্মদ ইসলাম বেবী ।
এসময় নবনির্বাচিত মেয়র ইসলাম বেবী বলেন, জয়ের ব্যাপারে আমি আশাবাদী ছিলাম। ভোটাররা আমার কর্মের মূল্যায়ন ইভিএম মেশিনে ভোটের মাধ্যমে দিয়েছেন। দ্বিতীয় মেয়াদেও আমি বান্দরবান পৌরবাসীর স্বপ্ন পূরণে কাজ করব। গোছানো পরিচ্ছন্ন একটি বাসযোগ্য নগর গড়ে তুলব।








