Site icon CPLUSBD.COM

বাফুফের সাবেক কর্মকর্তা সাইদ আল ফাত্তাহ মারা গেছেন

সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক কর্মকর্তা ও সাইফ গ্লোবাল স্পোর্টসের জেনারেল ম্যানেজার আহমেদ সাইদ আল ফাত্তাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

ফাত্তাহর স্ত্রী আফরোজা আহমেদ বীথি জানিয়েছেন, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার পর অসুস্থ হয়ে পড়েন ফাত্তাহ। দ্রুত তাকে জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানান, তিনি আর বেঁচে নেই।

বাফুফে সভাপতির একান্ত সচিব, বিপণন ও মিডিয়া বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন আহমেদ সাইদ আল ফাত্তাহ। এরপর তিনি সাইফ গ্লোবাল স্পোর্টসে যোগদান করেন। মৃত্যুর আগে পর্যন্ত সেখানে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন তিনি।

ঢাকা ক্যান্টনমেন্ট পোস্ট অফিস মসজিদে জানাজা শেষে কুষ্টিয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।