নিউজটি শেয়ার করুন

বাস ভাড়া বেশি নেয়া প্রতিশ্রুতি ভঙ্গের শামিল: কাদের

সিপ্লাস ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় এবং অর্ধেক আসনের বেশি যাত্রী উঠানো সংশ্লিষ্টদের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল।

শুক্রবার (৫ জুন) সকালে নিজের সরকারি বাসভবন থেকে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির অনলাইনে কোভিড-১৯ বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

কাদের বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর অর্থনীতির শক্ত-ভীত এবং স্বাস্থ্যখাতের সক্ষমতা নিয়েও করোনা ব্যবস্থাপনা ও চিকিৎসায় হিমশিম খাচ্ছে। সবাইকে সাহস ধরে রাখতে হবে। আক্রান্ত হলে চিকিৎসার পাশাপাশি মনোবল ধরে রাখতে হবে। মনের শক্তি এবং প্রতিরোধ ক্ষমতা বাড়লে রোগের শক্তি কমে যায়।

সেতুমন্ত্রী বলেন, দেশরত্ন শেখ হাসিনা আমাদের আশার বাতিঘর। তিনি সবার পাশে আছেন। তার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সামাজিক দূরত্ব বজায় রেখে সমন্বয়ের মাধ্যমের মানুষের পাশে থাকতে হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক হোসেন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুরসহ উপ-কমিটির নেতারা।

দেশের স্বনামধন্য চিকিৎসক ও অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ এ কোর্সে প্রশিক্ষণ দিচ্ছেন। একশ’ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন চারদিনের এ প্রশিক্ষণে। পরবর্তীতে এ প্রশিক্ষণ বিভাগীয় পর্যায়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির।