Site icon CPLUSBD.COM

বাড়ছে হার্ট অ্যাটাকে মৃত্যু, নীরব ঘাতক থেকে বাঁচতে যা করণীয় (ভিডিও)

হার্ট অ্যাটাকে মৃত্যু

ছবি: সিপ্লাসবিডি.নেটঁ

জিয়াউল হক ইমন: জন্ম নেওয়া প্রতিটি মানুষকেই গ্রহণ করতে হয় মৃত্যুর স্বাদ। কিন্তু অকাল মৃত্যু কারোরই কাম্য নয়। হার্ট অ্যাটাক এক নীরব ঘাতক। যে কেউ যে কোনো সময় এর শিকার হতে পারেন। সাম্প্রতিক সময়ে সারাদেশের ন্যায়  ঢাকা ও চট্টগ্রামে বেড়েছে হার্ট অ্যাটাকে মৃত্যুর হার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা যায় হৃদরোগ ও স্ট্রোকের কারণে। বয়স ৪০ হওয়ার পর সাধারণত, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। বাংলাদেশের মত দেশে শহুরে জীবনে সাধারণত যথেষ্ট পরিমাণ শারীরিক পরিশ্রম করা হয়ে ওঠে না যার ফলে ডায়বেটিস, হার্টের রোগ, স্ট্রোক, প্যারালাইসিসের ঝুঁকি বাড়ে এবং শরীরে কোলস্টোরেলের মাত্রা বেড়ে যায়।

“এ কারণে চল্লিশোর্ধ প্রত্যেক ব্যক্তির নিয়মিত কিছু রুটিন স্বাস্থ্যপরীক্ষা করা উচিত।”

সর্বশেষ বুধবার (২২ সেপ্টেম্বর)  সন্ধ্যায়  গণপরিবহন  শ্রমিকদের একটি মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় নগরীর ১নং দক্ষিণ‘ পাহাড়তলী ওয়ার্ডে নন্দীরহাট এলাকার আবুল খায়েরের ছেলে মো. আবু তাহের হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যায়।

এর আগে একই দিন বুধবার (২২ সেপ্টেম্বর ) দুপুরে ঢাকার রেস্টুরেন্টে বাবার সাথে খেতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সাবেক ছাত্র রায়হান হাসনাত চৌধুরী(৩৬) হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যায়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকার নিজ বাসায় আকস্মিকভাবে হার্ট অ্যাটাক করে মারা যায় সাইফ স্পোর্টস একাডেমির মিডিয়া পরিচালক আবু ফাত্তাহ্।

এর বাইরে অগনিত হার্ট অ্যাটাকে মৃত্যুর খবর গনমাধ্যমের বাইরে থেকে যায় তার কোন সঠিক পরিসংখ্যান নেই।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বছর দেশে যত মানুষ মারা গেছেন, তার চেয়ে প্রায় ২২ গুণ বেশি মৃত্যু হয়েছে হৃদরোগে বা হার্ট অ্যাটাকে।

২০২০ সালে করোনায় মারা গেছেন ৮ হাজার ২৪৮ জন। একই সময়ে হৃদরোগে মারা গেছেন ১ লাখ ৮০ হাজার ৪০৮ জন। অর্থাৎ করোনার চেয়ে হৃদরোগে ২১ দশমিক ৮৭ গুণ বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২০১৯ সালে হৃদরোগে মারা যান ১ লাখ ৪৭ হাজার ২৫৯ জন। এমএসভিএসবি প্রকল্প থেকে জরিপের মাধ্যমে এসব তথ্য জানা যায়।

বিষয়টি নিয়ে মুখোমুখি হয়েছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর কাছে। তিনি সিপ্লাসের দর্শকদের উদ্দেশ্য হঠাৎ হার্ট অ্যাটাকের বিভিন্ন কারণ এবং তা থেকে বাঁচতে নানা পরামর্শ দেন।

উচ্চ রক্তচাপ, ডায়েবেটিস, ওবেসিটি, বংশ পরম্পরা , ধুমপান, বাতজ্বরসহ নানা কারণে হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাক থেকে বাঁচতে প্রতিটি রোগের চিকিৎসার পাশাপাশি শরীরচর্চা, স্বাস্থ্যকর খাদ্যগ্রহণ ও সুশৃঙ্খল জীবনযাপন পদ্ধতি মেনে চলতে হবে বলেও জানান এই হৃদরোগ বিশেষজ্ঞ।

বিস্তারিত ভিডিওতে ….