নিউজটি শেয়ার করুন

বাড়ি বাড়ি ঘুরছে মা ও শিশু হাসপাতালের গাড়ি: বাসায় বসে মিলবে করোনার চিকিৎসা

সিপ্লাস প্রতিবেদক: করোনা প্রতিরোধে নগরবাসীর বাসায় গিয়ে চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল।

শনিবার (১০ এপ্রিল) থেকে এ চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছে হাসপাতালটির চিকিৎসকদের একাধিক টিম।

বিশেষ টিম একটি এম্বুলেন্সের মাধ্যমে করোনা আক্রান্ত বা করোনা সাসপেক্টেটেড রোগীদের চিকিৎসা করছে। এতে রোগী প্রতি নেওয়া হচ্ছে ৩ হাজার টাকা করে। যা পরবর্তী সময়ে আরও বাড়তে পারে বলে জানা গেছে সংশ্লিষ্টদের কাছ থেকে।

মা ও শিশু হাসপাতালের ট্রেজারার রেজাউল করিম আজাদ বলেন, রোগীর করোনা ভাইরাসের কোনো লক্ষণ থাকলে নির্ধারিত হেল্প লাইন নম্বরে যোগাযোগ করলে চিকিৎসক বাসায় গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করবেন। এ উদ্যোগের জন্য আমাদের দুটি টিম প্রস্তুত রাখা হয়েছে।

প্রতিদিন সকাল ০৯ টা থেকে রাত ০৯ টা পর্যন্ত এ সেবা দেওয়া হবে। সেবা পাওয়ার জন্য যোগাযোগ করা যাবে ০১৭৯১৬০৫০২২, ০১৮৮৪৪৯৪৯৪২, ০১৯৩৩৮৫০৯৬০ ও ০১৯৪১২০৭০১০ নম্বরে।