Site icon CPLUSBD.COM

বায়েজিদে ইমন হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা

সিপ্লাস প্রতিবেদক: নগরীর বায়েজিদ এলাকায় ছাত্রলীগ নেতা ইমন (২০) ছুরিকাঘাতে নিহতের ঘটনায় ১৯জনকে আসামী করে মামলা দায়ের করেছে তার পরিবার।

সোমবার( ৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নিহত ইমনের বাবা নুর কাশেম বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) বিমল কান্তি দেব বলেন, নিহত ইমনের বাবা বাদি হয়ে গতকাল রাতে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে ১৯ জনকে আসামি করা হয়েছে। এর আগে গতকাল সোমবার সকালে ইমন হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়। যেহেতু আমরা এজাহার পেয়ে গেছি, তাদেরকে এখন গ্রেপ্তার দেখানো হবে।’ আর মামলার তালিকায় অন্তর্ভুক্ত ১৯ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এ পর্যন্ত যাদের আটক করা হয়েছে তারা হলেন- মো. রুবেল (২৫), মো. সোহেল (২৯), মো. লিটন (২৮), মো. ফজর আলী (২৯), মো. আহসান কবির (২৬) ও মো. আহসান কবির (২৬)।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রোববার রাত ১০টার দিকে আরেফিননগর মুক্তিযোদ্ধা কলোনির চার রাস্তার মোড়ে ছুরিকাঘাতে হত্যা করা হয় ছাত্রলীগকর্মী ইমনকে। নিহত ইমন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী এবং সাবেক ছাত্রলীগ নেতা সোহেল ওরফে পিস্তল সোহেলের কর্মী হিসেবে পরিচিত। তিনি সম্প্রতি ঘোষিত বায়েজিদ থানা ছাত্রলীগের পাল্টা কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।