সিপ্লাস প্রতিবেদক: বায়েজিদ বোস্তামী থানায় চোরাইকৃত নগদ টাকা, স্বর্ণালংকার ও চোরাইকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
গত ২৯ জুলাই ভোর রাত ৪টার সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ আব্দুল করিম (৩২), পিতা-মোহাম্মদ মুছা, সাং-নেহারপুর, নজির আহম্মদ ছেরাংয়ের বাড়ী, ডাকঃ মদনহাট, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-কুঞ্জছায়া আ/এ ১নং রোড, মিলন এর ভাড়াঘর, থানা-বায়েজিদ বোস্তামী। মোঃ জাবেদ (৩৬), পিতা-মোঃ জহির, সাং-বাউরিয়া, বিগ্রেডিয়ার মহসিন সাহেবের বাড়ী, থানা-সন্দীপ, বর্তমানে-মুক্তিযোদ্ধা কলোনী, কামালের ভাড়াঘর, থানা-বায়েজিদ বোস্তামী এবং মোঃ রুবেল (২৫), পিতা-আব্দুল কাদের, সাং- হাসেমপুর, থানা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা, বর্তমানে-মোহাম্মদ নগর ৫নং রোড, আয়েশার বাড়ি, থানা-বায়েজিদ বোস্তামী।
মামলা সুত্রে জানা যায়, পবিত্র ঈদুল আযহা কোরবানির ঈদে গ্রামের বাড়ী রাউজান বেড়াতে যায় মামলার বাদী মোছাঃ জেসমিন আক্তার (৩৫)। সেই সুযোগে অজ্ঞাতনামা চোর সদস্যরা গত ১৫ জুলাই সকাল অনুমান সাড়ে নয়টা থেকে ২৯ জুলাই রাত অনুমান ৪টা ২০ মিনিটের সময় বায়েজিদ বোস্তামী থানাধীন মোহাম্মদনগর ৫নং রোড নাছির উদ্দিন বিল্ডিয়ের ২য় তলাস্থ বাদীর বাসা হতে নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল সমূহ চুরি করে নিয়ে যায়। এই বিষয়ে বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত চোরাইকৃত টাকা, স্বর্ণালংকার ও চোরাইকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিসহ মোঃ আব্দুল করিম (৩২), মোঃ জাবেদ (৩৬) ও মোঃ রুবেল (২৫) কে গ্রেফতার করা হয়।








