ইমারত নির্মাণ আইন লঙ্ঘনের অভিযোগে বায়েজিদ স্টিল মিল লিমিটেডের মালিক আবু বক্কর চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
অন্য আসামিরা হলেন- ভবনের নকশাকার মো. আবদুল্লাহ রুম্মান, প্রকৌশলী তানিয়া নাসরিন, আমির হোসেন ও মো. মুছা।
আদালতের বেঞ্চ সহকারি মো. ফয়েজ বলেন, নগরের কোতোয়ালী থানার কাজির দেউড়ি ১ নম্বর গলির এলাকায় খালের জায়গা দখল করে বিএস ৭৬ নম্বর দাগের জায়গার ওপর বায়েজিদ স্টিল মিল লিমিটেডের মালিক আবু বক্কর চৌধুরী ইমারত নির্মাণ লঙ্ঘন করে ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া যায়। অথরাইজড বিভাগ সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। পরবর্তীতে ভবন মালিকসহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করে সিডিএ অথরাইজড বিভাগ। আসামিদের বিরুদ্ধে ইমারত নির্মাণ আইন-১৯৫২ এর ১২ (১) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৮ এর ৪৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মো. ফয়েজ আরও বলেন, সিডিএর বিশেষ আদালত সোমবার বিকেলে সরেজমিন পরিদর্শন গিয়ে ভবনটির নির্মাণ কাজ বন্ধ করে দেন। পাশাপাশি ঘটনাস্থল থেকে আমির হোসেন নামে এক আসামিকে গ্রেফতার করেন। পরে জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।








