নিউজটি শেয়ার করুন

বিআরটিএর অভিযানে ১৬টি বাসকে ২ লক্ষ ৮৩ হাজার টাকা জরিমানা

বিআরটিএ’র এক সাঁড়াশি অভিযানে নগরীর বহদ্দারহাট, নতুন ব্রিজ, মইজ্জারটেক ও আগ্রাবাদ এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৬ বাসকে ২ লক্ষ ৮৩ হাজার জরিমানা করা হয়েছে।

এ অভিযানটি পরিচালনা করেন বিআরটিএ, চট্টগ্রাম এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস, এম, মনজুরুল হক।

বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে বাসগুলোকে এ জরিমানা করা হয়।

অভিযানের শুরুতে নগরীর বহদ্দারহাট মোড়ে রুট শেষ না করে মাঝপথে যাত্রী নামিয়ে দেয়ার অপরাধে ১০ নং রুটের ২টি বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর অভিযান পরিচালিত হয় নতুন ব্রিজ ও মইজ্জারটেক এলাকায়। বৃহস্পতিবার আসলে বিভিন্ন উপজেলাগামী পটিয়া-আনোয়ারা-বাঁশখালী রুটের বাসগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে।

এমতাবস্থায় অতিরিক্ত ভাড়া নেয়া, অতিরিক্ত ভাড়া দাবি করা ও বাসের ছাদে যাত্রী পরিবহনের অভিযোগে এসকল রুটের ৫টি বাসকে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দিতে বাধ্য করা হয়।

সবশেষে, সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয় নগরীর বারিক বিল্ডিং মোড় এলাকায়। নগরবাসীর অভিযোগ ছিলো দীর্ঘদিন ধরে সকালে ও বিকালে বিভিন্ন রুটের অনেক বাস গার্মেন্টস এর রিজার্ভ ভাড়ায় চলে যায়।

ফলে, এ দুই সময়ে নগরীতে তীব্র গণপরিবহন সংকট দেখা দেয়। হাজার হাজার যাত্রী অবর্ণনীয় ভোগান্তির মধ্যে পড়েন। পরিবহন সংকটের এ সুযোগ নিয়ে অন্যান্য গণপরিবহনগুলো এ সময় যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ পর্যন্ত বাড়তি ভাড়া নিয়ে ফেলে।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যায় এ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গণপরিবহন এর পারমিট নিয়ে গার্মেন্টস এর রিজার্ভ ভাড়ায় চলার অপরাধে বিভিন্ন রুটের ১০টি বাসকে মোট ১ লক্ষ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গণপরিবহনের পারমিট নিয়ে রিজার্ভ ভাড়ায় চলা বাসসমূহের পারমিট স্থগিতসহ প্রয়োজনে বাতিল করা হবে। রিজার্ভ ভাড়ার বিরুদ্ধে আমার এ অভিযান অব্যাহত থাকবে।