নিউজটি শেয়ার করুন

বিএনপি নেতার বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তার দেওয়া অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় চুরির অপবাধ দিয়ে দিনভর মারধর করাসহ শারিরীক নির্যাতন করে বন্দী করে রাখা হয়েছে বলে অভিযোগে জানা যায়।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ পুলিশ গিয়ে মেয়েটিকে তার ঘর থেকে উদ্ধার করে। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার লালানগর ইউনিয়নের ফকির পাড়ায় এই ঘটনা ঘটে। এই বিষয়ে রাঙ্গুনিয়া থানায় মো. আনোয়ার হোসেন(৪৮) ও তার বড় বোন বেবী আক্তারকে (৫৫) বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতনের শিকার গৃহকর্মীর মা হাসিনা বেগম। অভিযুক্ত আনোয়ার ওই এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি সাবেক বিএনপির নেতা এবং আগামী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বলে জানা যায়।
অভিযোগ এবং স্থানীয় সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার ওই মেয়েটি আনোয়ার হোসেনের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। গত কয়েকদিন আগে তাদের বাসার টাকা চুরি হয়েছে এই মর্মে তাকে বাড়িতে ডেকে নিয়ে মারধর করে এবং হাত পা বেঁধে বাড়ির একটা কক্ষে আটকে রাখে। পরে বিষয়টি মেয়েটির মা জানতে পেরে স্থানীয় চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যান পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ওই গৃহকর্মীকে আনোয়ার হোসেনের বসতঘর থেকে উদ্ধার করে।
নির্যাতনের শিকার মেয়েটি বলেন, ‘আনোয়ার আমাকে প্রায়ই অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। আমি রাজি না হওয়াতে সে আমাকে চুরির অপবাদ দিয়ে মারধর করে বেঁধে রাখে। এর আগেও বেশ কয়েকবার সে আমার শরীরে হাত দিয়েছিল। বিষয়টি আমি লজ্জায় ও ভয়ে কাউকে এতোদিন বলিনি।’ লালানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলম এবং ইউপি সদস্য কাজী মঈন উদ্দিন জানান, পুলিশ এবং দফাদারদের নিয়ে আনোয়ার হোসেনের বাড়ি থেকে হাত-পা বাঁধা আহত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করি। তখন তার অবস্থা গুরুতর ছিল। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন দুঃখ প্রকাশ করে বলেন, ‘এমন দিনে গৃহকর্মী নির্যাতন মেনে নেওয়া যায়না।’ এ বিষয়ে তিনি আনোয়ার হোসেনের বিরুদ্ধে শান্তির দাবী করেছেন।
রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. রবিউল জানান, ‘স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। তবে এসময় অভিযুক্ত আনোয়ার হোসেনকে পাওয়া যায়নি। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি।’
এদিকে বিএনপি নেতার হাতে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।