নিউজটি শেয়ার করুন

বিকিনি পরায় মালদ্বীপে ব্রিটিশ তরুণী গ্রেফতার

বিকিনি পরে ঘুরে বেড়ানোর দায়ে মালদ্বীপের মাফুসির এলাকায় এক পর্যটককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এছাড়া ওই নারীকে গ্রেফতারের ভিডিও সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিচ-টাওয়েল দিয়ে ওই বিকিনি কন্যার সারা শরীর ঢেকে দেওয়ার চেষ্টা করছেন তিন পুলিশ অফিসার। সেইসঙ্গে পুলিশ কর্মকর্তারা ছুটছেন ওই নারীর পিছু। কিন্তু, বরাবরই ওই নারী পর্যটক পুলিশের নাগাল ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলা ওই যুবতীকে পালটা হুঁশিয়ারির সুরে চিত্‍‌কার করে বলতে শোনা যাচ্ছে, আপনারা কিন্তু আমাকে যৌন নিগ্রহ করছেন।

জানা যায়, মালদ্বীপে বিকিনি পরে অবাধ বিচরণের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। দেশটির হলিডে রিসোর্টগুলি ছাড়া আর কোনও দ্বীপে বিকিনি পরে ঘোরার অনুমতি নেই। এমন নিষেধাজ্ঞা ভাঙায় পুলিশ গ্রেফতার করে ওই যুবতীকে।

এদিকে ওই ব্রিটিশ নারীকে গ্রেফতারের ঘটনায় সমালোচনার মুখে পড়ে মালদ্বীপ পুলিশ। ইতিমধ্যে নারী পর্যটককে গ্রেফতারের পর জনসমক্ষে দুঃখ প্রকাশ করেছেন মালদ্বীপের পুলিশ সার্ভিস কমিশনার মোহাম্মদ হামিদ।

ওই ব্রিটিশ নারীর সঙ্গে পুলিশের আচরণ সমর্থনযোগ্য নয় বলেও স্বীকার করেন তিনি।